
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ নিয়ে অংশীজনদের মতামত সংগ্রহে মতবিনিময় সভা ডাকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
রোববার (১৬ নভেম্বর) সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষানীতি–বিশেষজ্ঞ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখকসহ মোট ২৬ জনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিতদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এছাড়া শিক্ষাবিদ মানজুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, ব্যানবেইসের ডিএলপি বিভাগের চিফ ড. মোহাম্মদ ফজলুর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী সভায় যোগ দেবেন।
সঙ্গে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা), অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) ও বিশ্ববিদ্যালয় অধিশাখা–২–এর যুগ্মসচিব। সাংবাদিকতা ও গবেষণা অঙ্গন থেকে আমন্ত্রণ পেয়েছেন জ্যেষ্ঠ সহসম্পাদক মাহফুজুর রহমান মানিক (সমকাল), শরীফুল হক (দ্য ডেইলি স্টার), সাবিদিন ইব্রাহিম (বণিক বার্তা), সাংবাদিক হাসান মামুন, কলাম লেখক শহীদুল্লাহ ফরায়জী, শুভ কিবরিয়া এবং গবেষক ড. কাজল রশীদ শাহীন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষক ও শিক্ষক হিসেবে অংশ নেবেন মো. মুর্তুজা সুমন (খুলনা বিশ্ববিদ্যালয়), ড. মো. শহীদুল্লাহ (বিইউপি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ। সাত কলেজের অ্যালামনাইয়ের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন মাহমুদুর রহমান মান্না, মীর সরফত আলী সপু এবং হেলেন জেরিন খান।
সরকার চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। ইউজিসি প্রস্তাবিত নাম নির্ধারণ করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।