লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত সবাই বাংলাদেশি
Publish :
16 Nov 2025, Sun
at
10:45,
View: 575

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি নৌকা ডুবির ঘটনায় চারজন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। প্রায় ১০০ জন যাত্রী বহনকারী নৌকাগুলো বৃহস্পতিবার রাতে ডুবে যায়। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উদ্ধারকারী সংস্থাটি বিষয়টি জানায়।
লিবিয়ান রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন। সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে।
দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন—৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং আটজন শিশু। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সহায়তা ও চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
লিবিয়া দীর্ঘদিন ধরে ইউরোপে অবৈধ পথে প্রবেশের প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরীয় রুটে অনিয়মিত অভিবাসন বাড়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর তথ্য বলছে, চলতি বছরই মধ্য ভূমধ্যসাগর রুটে প্রাণহানি হাজার ছাড়িয়েছে, যা মানব পাচার ও ঝুঁকিপূর্ণ নৌযাত্রা নিয়ে নতুন সংকট সৃষ্টি করছে।