সাভারের গেন্ডায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
শেখ ফরিদ উদ্দিন, গাজীপুর প্রতিনিধি
Publish :
16 Nov 2025, Sun
at
10:14,
View: 484

সাভারের গেন্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে চালকের দ্রুত সাড়া দেওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। শনিবার রাত প্রায় ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় আরিচামুখী লেনে পার্কিং করা ছিল শ্রমিকবাহী বাসটি।
চালক সেলিম জানান, শ্রমিকদের নামিয়ে দিয়ে তিনি বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ বাসের পেছন থেকে তীব্র গরম অনুভব করে তিনি লাফিয়ে নেমে আসেন এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তিনি বলেন, ঠিক কীভাবে আগুন লাগে, তা তিনি বুঝতে পারেননি।
রাত সাড়ে ১০টার দিকে সাভার ফায়ার স্টেশনে ঘটনাটির খবর আসে। ফায়ার স্টেশনের ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমদ জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বাসের পেছনের অংশেই আগুন লেগেছিল বলে জানা গেছে। কীভাবে আগুন শুরু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
চালক সেলিম আরও জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা–নেওয়ার কাজে ব্যবহৃত হয়। আগুনে বাসটির পেছনের অংশ পুড়ে গেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, যা তিনি ভাগ্য হিসেবে দেখছেন।